ব্লাড ব্যাংকের ডিসপ্লে বোর্ড চালু
দি নিউজ লায়ন; রক্ত নিয়ে যাতে কেউ অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেই লক্ষ্যে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে চালু হলো ডিজিটাল ডিসপ্লে বোর্ড। হাসপাতাল সূত্রে খবর রক্তের প্রয়োজনে বিভিন্ন সময়ে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড থেকে বিভিন্ন গ্রুপের রক্তের তথ্য জানতে পারবে। ফলে একদিকে যেমন জনসাধারণের হয়রানি কমবে অন্যদিকে রক্ত নিয়ে কালোবাজারি বন্ধ হবে।
উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল হাওড়া জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র। হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন এলাকা ছাড়াও হাওড়া সদরের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসার প্রয়োজনে রোগীরা ছুটে আসে এই হাসপাতালে। পাশাপাশি রক্তের প্রয়োজনে ও বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরদের রক্তের প্রয়োজনে এই হাসপাতালের উপর অনেককেই নির্ভর করতে হয়। যদিও এই হাসপাতলে রক্তের জোগান নিয়ে বিস্তর অভিযোগ আছে হাসপাতালে ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালে আসলে প্রায়শই শুনতে হয় রক্ত শূন্য ব্লাড ব্যাংক।
এমনকি রক্তদান শিবিরের পরের দিন হাসপাতালে রক্তের খোঁজ করতে গেলেও একই কথা শুনতে হয়। তাদের অভিযোগ এক শ্রেণীর দালাল চক্রের জন্য হাসপাতালে ব্লাড ব্যাংকের এই অবস্থা। এদিকে ব্লাড ব্যাংকের রক্তের এই সংকট নিরসনে সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাসপাতালে ডেপুটেশান দেওয়া হয় এমনকি সেই ডেপুটেশানে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবারের সদস্যরাও যোগ দেয়। অন্যদিকে এই ডেপুটেশানের পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং তারপরেই ব্লাড ব্যাংকের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো হয়।
বিষয়টি নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার জানান মাস তিনেক আগে ডিসপ্লে বোর্ড খারাপ হয়ে যাওয়ায় কিছু সমস্যা হচ্ছিল। বর্তমানে ডিসপ্লে বোর্ড চালু হওয়ায় সমস্যা মিটেছে।

Post a Comment